স্পোর্টস ডেস্ক: নিজের ৩৯তম জন্মদিনে নতুন ইতিহাসের পাতায় নাম লেখালেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান, যাকে ক্রিকেট মহলে ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামেই বেশি চেনা হয়।
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে তিনি ফিফটির গণ্ডি পেরিয়ে যান।
এই ইনিংসসহ টেস্টে টানা তিন ইনিংসে অন্তত ৫০ রানের দেখা পেলেন তিনি। এর আগে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন অপরাজিত ৫৩ ও ১০৬ রান।
৪২টি পঞ্চাশোর্ধ ইনিংসের মধ্যে মুশফিকের রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৯টি হাফ সেঞ্চুরি। এই অর্জনের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন দেশের আরেক তারকা ওপেনার তামিম ইকবালকে।
তামিমের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে রয়েছে ১০টি শতক ও ৩১টি অর্ধশতক। মুশফিক ও তামিমের পর টেস্টে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক ৩৯টি। এরপর আছেন সাকিব আল হাসান, যার রয়েছে ৩৬টি ফিফটি-প্লাস ইনিংস।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই মুশফিক বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন।
রিপোর্টার্স২৪/ঝুম