| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শারীরিক প্রতিবন্ধী রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১২:২৯:১৩:অপরাহ্ন  |  ৪৮৬৮ বার পঠিত
শারীরিক প্রতিবন্ধী রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: শারীরিক প্রতিবন্ধী ক্ষুদে উদ্ভাবক ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি বিশেষ প্রযুক্তিনির্ভর গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হন উপস্থিত কর্মকর্তারা।

এ সময় রিফাত নিজেই তার উদ্ভাবিত গাড়িটি চালান এবং প্রধানমন্ত্রীর পাশে বসেই গাড়িটি পরিচালনা করেন। গাড়িতে ওঠার পর প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন এবং গাড়ি তৈরির পেছনের গল্প, প্রযুক্তিগত দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

ওয়াকিমুল ইসলাম রিফাত যশোরের চৌগাছা শহরের ব্রাকপাড়া এলাকার বাসিন্দা। তিনি আবু খায়েঁরের ছেলে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে নানা সমস্যার মুখোমুখি হয়ে নিজেই ভিন্নধর্মী একটি গাড়ি তৈরির উদ্যোগ নেন তিনি।

জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে রিফাত এমন একটি গাড়ি তৈরির পরিকল্পনা করেন, যা মানুষের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তার ভাবনা ছিল শুধু তিনি নন, তার মতো শারীরিক প্রতিবন্ধী অন্যরাও যেন সহজে গাড়িটি চালাতে পারেন।

সেই লক্ষ্য নিয়েই শুরু হয় তার ‘এটু আই স্মার্ট গাড়ি’ প্রকল্পের কাজ। স্কুলের টিফিনের টাকা জমিয়ে মাত্র পাঁচ হাজার টাকা মূলধন নিয়ে প্রকল্পটির যাত্রা শুরু করেন রিফাত। পরে ঈদের সালামি ও পরিবারের সহযোগিতায় ধীরে ধীরে এগিয়ে নেন স্বপ্নের কাজ।

গাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই থেকে তিন বছর। এ সময় শুধু আর্থিকভাবেই নয়, শ্রম দিয়েও ছেলেকে সহযোগিতা করেছেন রিফাতের বাবা আবু খায়েঁর। নিজের পেশাগত ব্যস্ততার ফাঁকেও ছেলের উদ্ভাবনী কাজে পাশে থেকেছেন তিনি।

রিফাতের এ উদ্ভাবন ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে। প্রযুক্তিনির্ভর এ বিশেষ গাড়ি ভবিষ্যতে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪