রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল ফিতরের আনন্দঘন ছুটি শেষ হয়ে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ লক্ষ্য করা গেছে; অনেককে দাঁড়িয়ে বা দরজার কাছে অবস্থান নিতে দেখা গেছে। প্ল্যাটফর্মে নেমেই যাত্রীরা রিকশা, বাস বা রাইড-শেয়ারিং সেবা নিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে ছুটছেন। ক্লান্ত হলেও আনন্দমুখর যাত্রীদের ভিড় স্টেশনের দৃশ্যকে প্রাণবন্ত করেছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ পরবর্তী ঢাকামুখী যাত্রীর চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তবে ট্রেনগুলো সময়মতো পৌঁছাচ্ছে, ফলে যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে ঢাকায় ফিরতে পারছেন।
পঞ্চগড় থেকে আসা রহিমুল হক জানান, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছি। কিছুদিন আনন্দ করেছি, এবার আবার কর্মজীবনে যোগ দিতে হবে। রাজশাহী থেকে আসা আদুরি আক্তার বলেন, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সঙ্গে ঈদ করেছি। ট্রেন সময়মতো ছাড়লো, এখন বাসায় পৌঁছাতে রিকশা নিয়েছি।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, সকল ট্রেন সময়মতো পৌঁছাচ্ছে। যাত্রীদের কোনো ভোগান্তি নেই। স্টেশনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্বে রয়েছে।
স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রেলওয়ে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর। ঈদের ছুটি শেষ হওয়ায় আগামী কয়েকদিন ঢাকামুখী মানুষের চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম