| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৬:৫৬:৩৩:অপরাহ্ন  |  ৩২৩৮ বার পঠিত
রাজবাড়ীতে পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজ বাজারে দীর্ঘদিন ধরে চলা ‘ধলতা’  প্রথার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

তিনি জানান, একই দিন সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ধলতা গ্রহণের দায়ে সমাধিনগর বাজারের ব্যবসায়ী অর্জুন মণ্ডলকে ১ হাজার টাকা এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাটে আনা কৃষিপণ্যের ক্ষেত্রে শুধু নিট ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হয় এবং বাজারে স্বচ্ছতা বজায় থাকে।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা দেশের মোট পেঁয়াজ উৎপাদনের প্রায় ১৬ শতাংশ জোগান দিয়ে থাকে এবং উৎপাদনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। জেলার বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত হয়। ফলে এই অঞ্চল থেকে দেশের পেঁয়াজ চাহিদার বড় একটি অংশ পূরণ হয়।

দীর্ঘদিন ধরে একটি অসাধু ব্যবসায়ী চক্র কৃষকদের কাছ থেকে মণে ২ থেকে ৩ কেজি পর্যন্ত অতিরিক্ত পেঁয়াজ রেখে তাদের ক্ষতিগ্রস্ত করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এই অনিয়ম রোধে গত ২৭ এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাসির-উল-দৌলা স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ীর বিভিন্ন পেঁয়াজ হাটে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং পরে ধলতা বিরোধী নিয়মিত অভিযান শুরু করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪