রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ৭ জেলায় আজ (২৬ মার্চ) দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উদ্ভূত পরিস্থিতির কারণে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।
রিপোর্টার্স২৪/ঝুম