রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজে অংশ নেন তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি রাষ্ট্রদূতসহ বিশিষ্ট অতিথিরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীরা গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ দিয়ে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার কারণে ব্যাগ বহন করা নিষিদ্ধ।
এর আগে ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।
কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদর্শন করে। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে, নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ বছর জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য, ২০০৮ সালের পর ১৮ বছর পর পুনরায় অনুষ্ঠিত হলো ২৬ মার্চের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট।
রিপোর্টার্স২৪/ঝুম