| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজারবাগের রক্তাক্ত রাতই স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১০:৪৬:০৭:পূর্বাহ্ন  |  ৪০৪২৫৪ বার পঠিত
রাজারবাগের রক্তাক্ত রাতই স্বাধীনতার ঘোষণা ত্বরান্বিত করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতে রাজারবাগে পাকহানাদার বাহিনীর নৃশংস হামলাই জাতিকে দ্রুত স্বাধীনতার ঘোষণা দিতে বাধ্য করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সকাল ৭টায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়। সেখান থেকেই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ ছড়িয়ে পড়ে। এই নির্মম হামলাই মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার ভিত্তি তৈরি করে।

তিনি আরও বলেন, যদি ওই রাতে রাজারবাগে হামলা না হতো, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা আরও কিছুটা দেরিতে আসত। কিন্তু এই বর্বর আক্রমণ জাতিকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সেই সময়ের প্রেক্ষাপটে জিয়াউর রহমান গণহত্যার খবর পেয়ে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পরে জাতির নেতা শেখ মুজিবুর রহমান-এর পক্ষে সংশোধিত ঘোষণাও প্রচার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যদের আত্মত্যাগই স্বাধীনতার সূচনালগ্নের অন্যতম প্রধান প্রেরণা। তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদ ও আহত সকল বীরদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া দীর্ঘদিন পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করতে পারা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪