রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন ছুটির পর আজ আবারও মুখরিত হয়ে উঠেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ বিরতির পর কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই সাংবিধানিক প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ-পরবর্তী পুনর্মিলনী সভা-তে কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মাধ্যমে দিনটি উদযাপন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ঈদের ছুটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, এবারের ঈদটি ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর, সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ, নির্বাচন কমিশনার তাহমিদা বেগম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে মিলিত হন।
উৎসবের আমেজে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে, পাশাপাশি নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে কাজের প্রতি মনোযোগী হতে প্রেরণা যোগাবে।
পুনর্মিলনী শেষে কমিশনার সানাউল্লাহ জানান, শিগগিরই ইসি বিটের সাংবাদিকদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হবে। এছাড়া কমিশনার আব্দুর রহমানেল মাসউদ যোগ করেন, সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-র নেতাদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম