রিপোর্টার্স২৪ডেস্ক: কলকাতায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
রোববার (২২ মার্চ) সকালে তাদের শারীরিক পরীক্ষা শেষে বিধাননগর আদালতে তোলা হয়। আদালতে নেওয়ার আগে ফয়সাল দাবি করেন, আমি এ হত্যাকাণ্ডে জড়িত নই, আমাকে ফাঁসানো হচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আলমগীর।
এর আগে গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। পরদিন ৮ মার্চ স্থানীয় আদালত তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলায় গ্রেপ্তার আরেক আসামি, বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে শনিবার (২১ মার্চ) ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই সময়ে তাকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে এসটিএফ। তাকে আগামী ৩ এপ্রিল আবার আদালতে তোলা হবে।
ফিলিপ সাংমাকে আদালতে নেওয়ার আগে বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অপর দুই আসামির বিষয়ে আদালতের সিদ্ধান্ত শিগগিরই জানা যাবে।
রিপোর্টার্স২৪/এসসি