রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দেশের মালিকানা জনগণ ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২১ মার্চ) তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করার পর সাংবাদিকদের বলেন, দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।
মন্ত্রী আরও বলেন, মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ সঠিকভাবে অনুভব করতে পারে না। তিনি বলেন, আমাদের সবার জন্য আজকের ঈদের আনন্দ তো আছেই। তবে আমরা সবাই যেন মুক্ত অবস্থায় থাকতে পারি, মুক্তভাবে কথা বলতে ও চলাফেরা করতে পারি। সকল সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার যেন সবাই ভোগ করতে পারে।
এছাড়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ যেন অবিরতভাবে বাংলাদেশে বজায় থাকে। জাতি–ধর্ম নির্বিশেষে সকলের জন্য এই ধারা চলুক। সবাইকে ঈদ মোবারক। পরে মন্ত্রী পারিবারিক কবরস্থানে মা–বাবার কবর জিয়ারতও করেন।
রিপোর্টার্স২৪/ঝুম