| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১২:৪২:০২:অপরাহ্ন  |  ৪৬০৪ বার পঠিত
হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছু সময় আগে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার হত্যা চেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

পরে হাইকোর্ট তাকে জামিন দেন এবং রুল জারি করেন। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করা হয়, যা নিয়ে মামলাটি দায়ের হয়।

গ্রেপ্তারের পর ব্যারিস্টার সুমন পাঁচ দিনের রিমান্ডে ছিলেন বলেও জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪