রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফের (প্রসীত) ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ সোমবার (১১ মে) সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে অবরোধ পালন করছেন দলটির নেতা-কর্মীরা।
সকালে সাজেক ইউনিয়নের উজোবাজার, মাচালং ও গঙ্গারাম ব্রিজ এলাকায় সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতেও দেখা গেছে। এতে সাজেক-দীঘিনালা ও দীঘিনালা-বাঘাইছড়ি সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ইউপিডিএফের (প্রসীত) দাবি, গত শনিবার ভোরে সাজেক ইউনিয়নের দুর্গম শুকনাছড়া এলাকায় সংগঠনটির সদস্য হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য তারা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।
ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, যেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে তাঁদের সংগঠনের কোনো কার্যক্রম নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, দুপুরের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে।
রিপোর্টার্স২৪/এসএন