রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসের শেষ জুমা, অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা শেষ রমজানের জুমার নামাজে অংশ নিতে উপস্থিত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে মসজিদে মুসল্লিদের প্রবেশ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনা বেড়ে যায়, এবং অনেকেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে। দুপুর ১টার আগেই মসজিদের মূল অংশ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়, পরে নিচতলার অংশও ভরে ওঠে।
জুমার নামাজের ইমামতি করেন মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক। নামাজ শেষে বিশেষ মোনাজাতে আখিরাতের মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। মুসল্লিরা নিজের পরিবার ও প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাতের জন্য দান-খয়রাতও করেন।
রমজানের প্রতিটি দিনই মুসলিম উম্মাহর কাছে পবিত্র ও মহিমামণ্ডিত। বিশেষ করে জুমার দিন, যা ‘গরিবের ঈদ’ হিসেবে গণ্য, রোজাদারদের জন্য ফজিলতপূর্ণ। আর সেই দিনটি যখন রমজানের শেষ দশকে পড়ে, তখন তা জুমাতুল বিদা হিসেবে প্রতিটি রোজাদারের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ও সম্মানিত হয়ে ওঠে।
রিপোর্টার্স২৪/ঝুম