রিপোর্টার্স২৪ ডেস্ক: স্কুলে ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিনের লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির জন্য লটারি পদ্ধতি আর থাকবে না।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা বাতিল করা হচ্ছে। এর পরিবর্তে আবারও ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
তিনি জানান, আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হতো। তবে ২০১১ শিক্ষাবর্ষ থেকে যেসব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে, সেখানে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়।
পরের বছর বেসরকারি বিদ্যালয়গুলোতেও একই নিয়ম চালু করা হয়। যদিও তখন দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি পরীক্ষার মাধ্যমেই হতো।
পরে করোনা মহামারির সময় ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সাল থেকে আবারও মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
রিপোর্টার্স২৪/ ঝুম