| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১১:০২:২০:পূর্বাহ্ন  |  ৪৭৪৬২৮ বার পঠিত
সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ সোমবার (১৬ মার্চ) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এর পর থেকেই শুরু হচ্ছে ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সব সরকারি অফিস বন্ধ থাকবে। ফলে ঈদকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। একই সঙ্গে অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকেই ঈদের ছুটি শুরু হচ্ছে।

গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন ছুটি যুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে—এমন সম্ভাবনা ধরে আগে থেকেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি রয়েছে। তার পরদিন ১৮ মার্চ ছুটি হওয়ায় এবার ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি পাওয়া যাচ্ছে।

গত ৭ মার্চ জারি করা ছুটির প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, কার্যপ্রণালি বিধিমালা ১৯৯৬ অনুযায়ী তাদের ক্ষমতাবলে নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটির সময়ে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

জরুরি সেবার মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি প্রয়োজনীয় অফিসগুলোও খোলা থাকবে।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪