স্টাফ রিপোর্টার: পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় ও সিরিজ নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) রাজধানীর শেরেবাংলা জাতিয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১১ রানের জয়ে পাকিস্তানকে হারিয়ে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের পর টাইগারদের উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সাহসী তরুণরা আজকের রোমাঞ্চকর ম্যাচে ১১ রানের জয়ে প্রমাণ করেছে—ঐকান্তিক প্রচেষ্টা ও দলগত ঐক্য থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্সে দেশ গর্বিত।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।
রিপোর্টার্স২৪/বাবি