রিপোর্টার্স২৪ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে কয়েকটি দেশ প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে থাকা অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার উপক্রম। বর্তমানে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায়, এসব কর্মীদের সুবিধার্থে কয়েকটি দেশ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনের প্রবাসী বাংলাদেশিরা ভিসা নবায়নের জন্য তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন।
অন্যদিকে, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি