রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় সাত বছর আগের এই মামলায় ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডল।
আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন খালাস পেয়েছেন। তবে জিল্লুর রহমান ও জিয়া মণ্ডলকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোয়ালন্দ থানাধীন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন একটি রাজনৈতিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সাবেক চেয়ারম্যান আতর আলীর নেতৃত্বে কয়েকজন একটি স্থানে অবস্থান নেয়। পরে প্রতিপক্ষ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে গ্রাম্য চিকিৎসক আবু ডাক্তারকে মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোয়ালন্দ উপজেলা হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় মো. মোবারক মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে পুলিশ ২২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
মামলাটির বিচার চলাকালে আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে রায় দেন।
রিপোর্টার্স২৪/ঝুম