রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালিতে আটকা পড়েছে। জাহাজে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
জাহাজটি গত ১২ মার্চ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছেছিল। সেই সময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পান নাবিকেরা। নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও জাহাজকে প্রণালি পার না হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে আসে।
বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকা-তে অবস্থান করছে। যেহেতু এটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই, তাই কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা করা হয়েছে।
জাহাজটি ভারতের পণ্য বহনের পর ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। ২৭ ফেব্রুয়ারি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে এবং সংঘাত দ্রুত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে নতুন পণ্য বোঝাই করার কথা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিরাপদে জাহাজ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।
এই পরিস্থিতিতে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার করানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয়-কে চিঠি দিয়েছে বিএসসি, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য তৎপরতা শুরু করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে