ডিপ্লোমেটিক রিপোর্টার: মালদ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুইজনের মরদেহ আগামীকাল রোববার (১৫ মার্চ) দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিস্ফোরণে পাঁচজন নিহতের পাশাপাশি আরও দুই বাংলাদেশি গুরুতর আহত রয়েছেন। মালের একটি হাসপাতালে তারা চিকিৎসাধীন। শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন, তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। এর মধ্যে নিহত মো. সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ রোববার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। আহত দুজন হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। আরও দুইজন গুরুতরভাবে আহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ হাইকমিশন, মালে মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এরইমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে হাইকমিশনার নিজে এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গেও হাইকমিশন যোগাযোগ করেছে।
রিপোর্টার্স২৪/এসসি