রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা, বিদেশ কিংবা কানাডায় গিয়ে বাড়ি বানানোর কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই এবং সরকার জনগণের জন্যই কাজ করবে।
মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউআই আলীম মাদ্রাসা মাঠে ৫৮৮ জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আপনারা নিশ্চিন্ত থাকেন, আমরা এখানে কাজ করতে এসেছি এবং মানুষের জন্য কাজ করব। যদি কেউ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত হয়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমাদের আর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা ঢাকায় বাড়ি বানাব না, বিদেশে গিয়ে বাড়ি বানাব না, এমনকি কানাডাতেও বাড়ি বানাব না।
দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি সবাইকে নতুনভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, অতীতের ক্ষতি ভুলে সামনে এগিয়ে যেতে হবে এবং সবাইকে মিলে শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের শক্তিই সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির ওপর ভর করেই সরকার কাজ করছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য তাকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে সরকার জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার বাস্তবায়ন করবে।
রিপোর্টার্স২৪/ঝুম