রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। সোমবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে কী ধরনের জ্বালানি সহায়তা এবং কী পরিমাণ সহায়তা প্রয়োজন- সে বিষয়ে বাংলাদেশের মতামত জানতে চেয়েছে বেইজিং। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
তিনি জানান, বৈঠকে জ্বালানি সহযোগিতা ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলোর মধ্যে ‘তিস্তা মহাপরিকল্পনা’ অন্যতম গুরুত্বপূর্ণ। চীনও এ প্রকল্পকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দ্রুত এর কাজ শুরু করার বিষয়ে আশাবাদী।
বৈঠকে চীনা বিনিয়োগ সম্পর্কেও ইতিবাচক তথ্য তুলে ধরেন ইয়াও ওয়েন। তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন সপ্তাহের মধ্যেই চীনের চারটি বড় কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, অর্থনীতি, বাণিজ্য ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চীন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।
সব মিলিয়ে অর্থনীতি, বাণিজ্য এবং কৌশলগত উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
রিপোর্টার্স২৪/আরকে