| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশজুড়ে জ্বালানি তেল সংকট, পাম্পে পাম্পে ভোগান্তি

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৭:২৪:৫৩:অপরাহ্ন  |  ৫৭৫২৮৯ বার পঠিত
দেশজুড়ে জ্বালানি তেল সংকট, পাম্পে পাম্পে ভোগান্তি

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বেশিরভাগ পাম্পে তেল না থাকায় সেগুলো বন্ধ রাখা হয়েছে, আর যে কয়েকটি পাম্প খোলা আছে সেখানে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। রেশনিং পদ্ধতি চালু থাকলেও বাস্তবে তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

সোমবার (৯ মার্চ) রাজধানীর বনশ্রী, রামপুরা, মালিবাগ, ফকিরাপুল, মতিঝিল, শাহবাগ ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে এবং তেল নিতে আসা চালকদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনেও এমন তথ্য পাওয়া গেছে। 

মালিবাগ মোড়ে নিয়মিত রাইড শেয়ারিং করা মোটরসাইকেলচালক রাশেদ মাহমুদ বলেন, বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় যে দুই-একটি খোলা আছে সেগুলোতে প্রচণ্ড চাপ পড়ছে। সামনে ঈদ থাকায় অনেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করছেন। এতে সংকট আরও বাড়ছে। তিনি বলেন, রেশনিং পদ্ধতির কথা বলা হলেও বাস্তবে অনেক পাম্পেই তা মানা হচ্ছে না।

বনশ্রী এলাকার একটি ফিলিং স্টেশনে প্রাইভেটকারে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আরিফুল হক জানান, তিনি প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। তিনি বলেন, আমি কুমিল্লা থেকে ঢাকায় এসেছি। পথে কয়েকটি পাম্পে তেল পাইনি। ভাবছিলাম ঢাকায় এসে সমস্যা থাকবে না, কিন্তু এখানে এসে দেখি অবস্থা আরও খারাপ।

হাজীপাড়া এলাকার একটি পাম্পে তেল নিতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, সমস্যা মূলত চাহিদা বেড়ে যাওয়ার কারণে। অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল নিচ্ছেন, ফলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তিনি মনে করেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণপরিবহন ব্যবহারের দিকে মানুষের ঝোঁক বাড়ানো উচিত।

পরিবাগ এলাকার একটি পাম্পে তেল নিতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুল করিম বলেন, সরকার বলছে দেশে পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু বাস্তবে মানুষ তেল পাচ্ছে না। মোটরসাইকেলের জন্য দুই লিটার করে তেল দেওয়ার কথা বলা হলেও অধিকাংশ পাম্প বন্ধ থাকায় সেই দুই লিটার তেল পাওয়ার জন্যও একাধিক পাম্প ঘুরতে হচ্ছে।

মোটরসাইকেলচালক কামাল হোসেন দাবি করেন, রাজারবাগ পেট্রোল পাম্পে এক ঘণ্টার বেশি অপেক্ষা করেও তেল পাননি। পরে ফকিরাপুলের একটি পাম্পে এসে তেল নিতে পেরেছেন। তার দাবি, মজুত করে রাখার কারণেই সাধারণ মানুষ তেল পাচ্ছেন না। তিনি বলেন, রাজারবাগ পাম্পে নাকি পুলিশের জন্য তেল রাখা হয়েছে, সাধারণ মানুষের জন্য তেল নেই-এমন কথাও শুনেছেন। এসব কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

শুধু রাজধানীতেই নয়, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, শেরপুরসহ দেশের বিভিন্ন জেলাতেও একই চিত্র দেখা গেছে। অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে পাম্পে যানবাহনের জট তৈরি হয়েছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ সংকটের প্রভাব পণ্য পরিবহনেও পড়তে শুরু করেছে। ট্রাক ও কাভার্ডভ্যান চালকেরা প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় অনেক স্থানে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। কোথাও কোথাও ট্রাকপ্রতি নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি বিক্রি করা হচ্ছে না।

ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাসের যাত্রী ধানমন্ডির বাসিন্দা আনসার উদ্দিন জানান, দুপুরে তাদের বাস ময়মনসিংহ থেকে ছেড়ে আসার পর পথে কয়েকটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু কোথাও তেল বিক্রি বন্ধ, কোথাও আবার দীর্ঘ লাইনের কারণে বাসটি ঢুকতেই পারেনি। শেষ পর্যন্ত চালক ঝুঁকি নিয়েই মাঝপথে না থেমে সরাসরি মহাখালী পৌঁছানোর সিদ্ধান্ত নেন।

এদিকে পরিস্থিতি সামাল দিতে সরকার রেশনিং পদ্ধতি চালু করেছে এবং অবৈধ মজুত ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে। পাশাপাশি পাম্পগুলোতে পুলিশি টহল বৃদ্ধি এবং মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাড়তি তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি সচিব মো. সাইফুল ইসলামের ভাষ্য অনুযায়ী, আগামী মাসের জন্য প্রায় তিন লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতেও জ্বালানি সংগ্রহ করা হতে পারে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪