নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় স্থানীয়দের সঙ্গে র্যাব সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ মাহমুদ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে নাটোরের লালপুর উপজেলা–এর ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সোহাগ মাহমুদ নবীনগর এলাকার ফজলুর রহমানের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, র্যাব-৫–এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের এএসআই মোঃ পারভেজ মুন্সী–এর নেতৃত্বে ছয় সদস্যের একটি দল সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহে যায়।
এ সময় নবীনগর গ্রামের সোহাগ মাহমুদের নেতৃত্বে স্থানীয় ১৫ থেকে ২০ জন লোক র্যাব সদস্যদের পথরোধ করে পরিচয় জানতে চান। একপর্যায়ে র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় র্যাব সদস্য শাহিন হোসেন–সহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে র্যাব সদস্যদের উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
পরে পুলিশ সোহাগ মাহমুদকে আটক করে এবং আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ ভর্তি করে। আহত র্যাব সদস্য শাহিন ইসলাম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সোহাগ মাহমুদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স/এসএন