রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে খাল দখল ও প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেছেন, খাল দখলদারদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় তাদেরও আইনের আওতায় আনা হবে। শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর মান্দা শাপলা সিটি এলাকায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন খালের প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছে। তাই খালের সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা করা হবে এবং ধাপে ধাপে খালগুলো পুনরুদ্ধার করা হবে। তিনি জানান, অবৈধ দখলদারদের হাত থেকে খাল মুক্ত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, কেউ যদি দখলদারদের আশ্রয় বা সহযোগিতা দেয়, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খালগুলো আবার যাতে ভরাট বা দখল না হয়, সে জন্য খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, খাল পুনরুদ্ধার কার্যক্রমে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে খাল দখলের সুযোগ যাতে আর না থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম