| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৭, ২০২৬ ইং | ১১:২৯:১৯:পূর্বাহ্ন  |  ৫৫৯০৩৭ বার পঠিত
ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট মিলছে আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (৭ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে যাত্রীরা ১৭ মার্চের ট্রেনযাত্রার টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, যাতে স্টেশন কাউন্টারে ভিড় কমানো যায়। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

সকালে বিক্রি করা হচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি।

রেলওয়ে জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনযাত্রার টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ চারটি আসন নেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া অগ্রিম কেনা কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যাত্রীরা মোবাইল অ্যাপ রেল সেবা অথবা বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ব্যবহার করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

ওয়েবসাইটে টিকিট কিনতে প্রথমে নির্ধারিত পোর্টালে প্রবেশ করে ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ভ্রমণের তারিখ, যাত্রার প্রারম্ভিক স্টেশন, গন্তব্য এবং ভ্রমণের শ্রেণি নির্বাচন করে ‘Find Ticket’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর পরবর্তী পেজে ট্রেনের নাম, ছাড়ার সময় এবং আসন খালি আছে কি না এসব তথ্য দেখা যাবে। সেখান থেকে পছন্দের ট্রেনের ‘View Seats’ অপশনে গিয়ে খালি আসন থাকলে নিজের পছন্দমতো সিট নির্বাচন করা যাবে। এরপর ‘Continue Purchase’ অপশনে ক্লিক করে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

টিকিটের মূল্য পরিশোধ করা যাবে ভিসা কার্ড, মাস্টারকার্ড কিংবা বিকাশের মাধ্যমে। পেমেন্ট সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-টিকিট ডাউনলোড হবে এবং একই সঙ্গে যাত্রীর ই-মেইলে টিকিটের কপি পাঠানো হবে।

পরবর্তীতে সেই ই-মেইল থেকে টিকিটটি প্রিন্ট করে এবং সঙ্গে একটি ফটো আইডি নিয়ে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪