| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থানীয় নির্বাচনে আলাদা প্রস্তুতিতে জামায়াত-এনসিপি

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০৮:৪১:৪৭:পূর্বাহ্ন  |  ১২৭৬৭ বার পঠিত
স্থানীয় নির্বাচনে আলাদা প্রস্তুতিতে জামায়াত-এনসিপি

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত ও জোটগত সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার সম্ভাবনা থাকলেও স্থানীয় নির্বাচন ঘিরে দুই দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে।

বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিটিতে প্রার্থী নির্বাচন নিয়ে দুই দলের মধ্যে দরকষাকষি চলছে। সমর্থকদের মধ্যেও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বিতর্ক দেখা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে এনসিপি তাদের মুখপাত্র আসিফ মাহমুদকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এনেছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেও দুই দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। জামায়াতের পক্ষে মহানগর আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বারের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে সদ্য এনসিপিতে যোগ দেওয়া যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদকে নিয়ে আলোচনা হচ্ছে।

জামায়াত সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন পর্যায়ে ১১ দলীয় জোটের মধ্যে সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্ধারণের চিন্তা রয়েছে। তবে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলগুলো এককভাবে অংশ নিতে পারে।

এদিকে এনসিপিও সারাদেশে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। দলটি সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করছে। দলটির এক কেন্দ্রীয় নেতা জানান, প্রায় সব সিটি করপোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে এবং পর্যায়ক্রমে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

এনসিপির ভেতরে একাংশ একক নির্বাচনের পক্ষে থাকলেও আরেক অংশ জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে আগ্রহী বলে দলীয় সূত্র জানিয়েছে। একইভাবে জামায়াতের তৃণমূলেও এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সমঝোতা হলে কোন এলাকায় কোন দল ছাড় দেবে, তা পরে নির্ধারণ করা হবে।

অন্যদিকে এনসিপির মিডিয়া উইংয়ের সদস্য ইয়াসির আরাফাত বলেন, স্থানীয় নির্বাচন জোটগত হবে নাকি এককভাবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ শুরু করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪