| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং | ১০:১৪:১০:পূর্বাহ্ন  |  ৫৯৫৩৫২ বার পঠিত
পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে বাংলাদেশ প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, যুদ্ধ বা সশস্ত্র সংঘাত কোনো অঞ্চল কিংবা দেশের জন্যই মঙ্গলজনক নয়; বরং তা অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়ায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বৈঠকে ফিলিস্তিন ইস্যুসহ সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান-আফগান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে এ বিষয়ে কোনো পক্ষ নেওয়ার পরিবর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।

সৌদি আরব সফর প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আসন্ন ৮১তম অধিবেশনের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থনের আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে খলিলুর রহমান বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ বরাবরই সোচ্চার। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এই নীতি অনুসৃত হয়ে আসছে এবং এতে কোনো পরিবর্তন আসেনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এলেও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী সময় হলে তা জানানো হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় নীতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪