স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, উত্তরা পূর্ব থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মো. সাইদুর ইসলাম (৪০), মো. সোবহান (৩৫), মো. মানিক মিয়া (২৬), মো. রিফাত (২০), মো. রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মো. আলআমীন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) ও শফিকুল ইসলাম হৃদয় (১৮)।
ডিএমপির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় চুরি, ছিনতাই, মাদক সংশ্লিষ্ট কার্যক্রমসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান, টহল জোরদার এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি