| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৭ বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল : আইজিপি

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৬:৩৩:০০:অপরাহ্ন  |  ৩০৬১ বার পঠিত
১৭ বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছিল : আইজিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করায় জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “দীর্ঘ ১৭ বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারের কারণে জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। সেখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। শৃঙ্খলাও ফিরে আসছে।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের পুলিশ বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সময়ের বিভিন্ন উদ্যোগের ফলেই বর্তমানে একটি সুসংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে।

অনুষ্ঠানে মাদকবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন আইজিপি। তিনি বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তার ভাষায়, মাদক আমাদের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি। ইতোমধ্যে যেসব পুলিশ সদস্য মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় আনা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুলিশ সদস্যদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আইজিপি। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন পুলিশ সদস্যরাই। এছাড়া দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, এই স্বীকৃতি শুধু পুরস্কার নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত দক্ষতা ও নেতৃত্বের প্রতীক। ভবিষ্যতেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪