স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন,তা নিয়ে প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হলেও সম্ভাব্য কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম ঘুরপাক খাচ্ছে আলোচনায়।
সবচেয়ে বেশি আলোচিত নাম সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন। তিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব পালন করছেন। এর আগে পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পাশাপাশি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করে তিনি অভিজ্ঞতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন। গত ২০ মে ২০২৫ তারিখে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। সাম্প্রতিক ঊর্ধ্বতন পর্যায়ের রদবদলের প্রেক্ষাপটে তাকে ঢাকা মহানগর পুলিশ-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ছাড়া আলোচনায় রয়েছেন মো. আকরাম হোসেন। তিনি বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি (ফাইনান্স) হিসেবে কর্মরত। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় পুলিশের কার্যক্রম তদারকিতে সক্রিয় ভূমিকা রাখছেন।
অন্যদিকে হাসিব আজিজ বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ'র ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রশাসনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের নেতৃত্বও আলোচনায় এসেছে।
তবে পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। প্রশাসনিক সিদ্ধান্ত চূড়ান্ত হলে শিগগিরই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। তাঁরা তিনজনই ১৫ ব্যাচের কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/এসসি