স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্টন থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়।
ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, চলমান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাঈম ইসলাম রাফি (২১), মো. দেলোয়ার বেপারী (৫৬), রাকিব হাসান (২০), মো. সৌরভ (১৮), মো. জালাল মিয়া (৪৩), বিজয় (১৮), মো. আলমগীর হোসেন (৫০), মো. মাসুদ (৩৫), মো. মিলন (২১), মো. রুবেল (১৮), মো. শাহ আলম (৩৬), মো. মেহেদী হাসান (৩০), মো. শাহীন (৫০), মো. সোহেল (২৭), মো. আলী হোসেন (৩৫), মো. শহিদুল (৩০), মো. স্বাধীন (২০), মো. সেলিম (২৬), চাদনী (২০) ও ফাতেমা বেগম (১৯)।
পল্টন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর কেন্দ্রস্থল হিসেবে পল্টন এলাকায় জনসমাগম ও বাণিজ্যিক কার্যক্রম বেশি থাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি