স্টাফ রিপোর্টার: ২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ৭ লাখ ৫০ হাজার কর্মভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরব। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন ।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং সৌদি আরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত জানান, ২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশিদের জন্য ৭ লাখ ৫০ হাজার ওয়ার্ক ভিসা এবং সব মিলিয়ে ১৪ লাখ ভিসা জারি করেছে। সৌদি আরবে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি স্মরণ করেন, ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে সৌদি আরব সফর করেন এবং মুসলিম ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও উল্লেখ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহজুড়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের ভূ-কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে ১৯৭৯ সালে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি আরবের সহায়তার বিষয়টিও স্মরণ করেন তিনি। বর্তমানে বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করে মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সমর্থন কামনা করেন।
সৌদি রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এর আগে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী সৌদি ভিশন ২০৩০-এর অধীনে সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থে সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি