সিরাজগঞ্জ প্রতিনিধি: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি সত্যিকার অর্থে ধারণ করতে হয় এবং মায়ের ভাষা হিসেবে মর্যাদা দিতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান গ্রহণযোগ্য হতে পারে না। তাঁর ভাষায়, “ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে। তারপরও আমি বলবো, কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলা ভাষা আমাদের গৌরব, আত্মপরিচয় ও স্বাধীনতার চেতনার প্রতীক। একুশের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি ও প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে বাংলার ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শুদ্ধ ভাষা চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলা ভাষাকে বিশ্বপরিসরে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে টুকু বলেন, মাতৃভাষার যথাযথ চর্চা, গবেষণা ও সৃজনশীল প্রয়োগের মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলার অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর উদ্যোগে তরুণরা যদি বাংলা ভাষায় অ্যাপ, ওয়েবসাইট, গবেষণামূলক কাজ এবং সৃজনশীল কনটেন্ট তৈরি করে, তবে বিশ্বমঞ্চে বাংলার মর্যাদা বৃদ্ধি পাবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভাষা গবেষণা ও সৃজনশীল লেখালেখির অনুকূল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি