স্টাফ রিপোর্টার: রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন সরকারের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি সম্মান রেখেই তিনি দায়িত্ব পালন করবেন তিনি।
মন্ত্রিত্ব পাওয়ার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম সিলেটে পৌঁছে এমন আশাবাদের কথা জানান তিনি।
এদিন দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তার কাছে মন্ত্রিত্ব ব্যক্তিগত অর্জন নয়, এটি সিলেটবাসীর উপহার হিসেবে মূল্যায়ন করে আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ তার নির্বাচনী এলাকার মানুষ যে রায় দিয়েছেন, তার প্রতি সম্মান রেখেই তিনি কাজ করতে চান। মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমাদের দায়বদ্ধতা রয়েছে।
তিনি আরও বলেন, কারও প্রতি বৈরি মনোভাব না নিয়ে আমরা সবাইকে সঙ্গে নিয়েই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। পাঁচ বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু কাজের পরিধি অনেক বড়।
রমজানের প্রথম দিনে সিলেটে এসে তিনি হযরত শাহজালাল দরগাহ ও হযরত শাহপরান দরগাহ জিয়ারতের কথা জানান। আগামীকাল তিনি পুরো দিন নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কাটাবেন বলেও জানান।
৫দিনের সরকারি সফরে আসা আরিফুল হক সিলেট সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করে এসএমপির সুসজ্জিত চৌকস একদল পুলিশ। এরপর কর্মকর্তা ও নেতাকর্মীর ফুলেল উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আরিফুল হক চৌধুরী। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরবাসী জনপ্রতিনিধি হিসেবে তাকে সোয়া লাখ ভোটের ব্যবধানে বিজয়ী করেছে।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও সীমান্তবাসীর এ মূল্যায়নের প্রতিদান হিসেবে আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিত্ব দিয়েছেন দুই মন্ত্রণালয়ের। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে এসে প্রথম পদার্পণ করলেন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব