রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে নতুন অফিস সময়সূচি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন সম্প্রতি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের রমজান মাস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় আলাদা সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই সময়সূচি অনুসরণ করবে আর্থিক প্রতিষ্ঠানগুলোও। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে রমজান মাসে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আদালতের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
রমজানজুড়ে এ সময়সূচি কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে