| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার দুই সিটি প্রশাসকই বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ০৯:৪৫:৫২:পূর্বাহ্ন  |  ৪০৭০ বার পঠিত
ঢাকার দুই সিটি প্রশাসকই বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী

স্টাফ রিপোর্টার: স্টাফ রিপোর্টার: ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপির সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে বর্তমান প্রশাসকদের নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র বলছে, নতুন মুখ না এনে বর্তমান দুই প্রশাসককেই আগামী সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিতে পারে বিএনপি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের দায়িত্বে রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুল ইসলাম খান।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের দাবি, দল মূলত এই দুই নেতাকেই ভবিষ্যৎ মেয়র হিসেবে দেখতে চায়। সে কারণে প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা নগরজুড়ে সক্রিয় রয়েছেন। বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়ে নাগরিক সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরছেন।

ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ‘আবদুস সালামকে মেয়র হিসেবে দেখতে চাই’ ও ‘শফিকুল ইসলাম খানকে মেয়র হিসেবে দেখতে চাই’—এমন স্লোগানসংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন দেখা যাচ্ছে। বিশেষ করে গুলিস্তান, মতিঝিল, নয়াপল্টন, মিরপুর ও কাফরুল এলাকায় এসব প্রচারণা বেশি চোখে পড়েছে।

ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম একসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আবদুস সালাম বলেন, দল মনোনয়ন দিয়েই আমাকে এখানে দায়িত্ব দিয়েছে। আগামীতে সিটি করপোরেশন নির্বাচন করব, ইনশাআল্লাহ।

অন্যদিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

মেয়র নির্বাচন প্রসঙ্গে শফিকুল ইসলাম খান বলেন, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করব। তবে যেহেতু রাজনীতি করি, নির্বাচন করার ইচ্ছা আছে। দল মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করব।

এদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে কিছুটা আলোচনা তৈরি হয়, যখন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সামাজিক মাধ্যমে মেয়র পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি প্রশাসক আবদুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানান।

যদিও এখনো সিটি করপোরেশন নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা হয়নি, তবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪