রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ পালন করতে চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ১৩১টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।
রোববার (১০ এপ্রিল) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রের বরাতে হজ হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ধারাবাহিকভাবে হজযাত্রীদের পরিবহন করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে সবচেয়ে বেশি ২৪ হাজার ২৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী।
হজ অফিস জানিয়েছে, সৌদি আরবে পৌঁছানো যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৭ হাজার ১২৩ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে মোট ৬৬০টি হজ এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে।
এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০০১ ফ্লাইটে ওইদিন ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, চলতি মৌসুমে মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর আগামী ৩০ জুন শেষ হজ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করবে।
রিপোর্টার্স২৪/ঝুম