| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ছে হামের ভয়াবহতা, মৃত্যু ছাড়াল ৪০০

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ০৯:৫৬:২১:পূর্বাহ্ন  |  ৫৯১৯ বার পঠিত
বাড়ছে হামের ভয়াবহতা, মৃত্যু ছাড়াল ৪০০

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার (১০ মে) পর্যন্ত ৫৫ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, এ সময়ের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৪৪ জনের। একই সময়ে নতুন করে ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সরকার দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন চালু করেছে। তবে এখনও বিপুলসংখ্যক শিশু টিকার আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে এখনো ৩০ থেকে ৪০ শতাংশ এবং গ্রামাঞ্চলে প্রায় ১৫ শতাংশ শিশু হাম প্রতিরোধী টিকা পায়নি। দ্রুত যাচাই পদ্ধতি বা আরসিএমের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ১ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে ১ হাজার ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২০৫ জন হাম আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে এ পর্যন্ত মারা গেছে ১৩৮ জন। রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৭৮ জনের। এছাড়া বরিশালে ২৯, চট্টগ্রামে ২৭, ময়মনসিংহে ২৬, সিলেটে ২৪, খুলনায় ১৪ এবং রংপুর বিভাগে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর আরও জানিয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে নতুন মৃত্যুর তথ্য সংগ্রহ করা হয়েছে। এর আগে শনিবার পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল ২৯১।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৯ হাজার ১৫৯ জনে। তাদের মধ্যে ৬ হাজার ৮১৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম আরও জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪