| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচার চলাকালে আদালতে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ২০:৩৯:০৯:অপরাহ্ন  |  ৬৬৩৫৯৬ বার পঠিত
বিচার চলাকালে আদালতে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জজকোর্টে বিচার চলাকালীন সময়ে জানালায় পাথর নিক্ষেপ করে জানালার কাচ ভাঙার অভিযোগে শরীফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযুক্ত শরীফ মেহেরপুর শহরের নতুন শেখপাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বিচার কার্যক্রম চলাকালে হঠাৎ জানালার কাচ ভেঙে একটি পাথর এজলাস কক্ষের ভেতরে এসে পড়ে। এতে মুহূর্তের মধ্যে এজলাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিচার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আইনজীবীদের উপস্থিতিতে বিচারকের সামনে উপস্থাপন করা হয়। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, তিনি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, যোগাযোগ করতে পারেননি। আর আদালতে প্রবেশের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসের দিকে পাথর নিক্ষেপ করেছেন। আদালতের বারান্দায় দায়িত্বরত কোর্ট পুলিশের সদস্য নুরুল ইসলাম তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

বিচারকের সামনে দেওয়া বক্তব্যে অভিযুক্ত আরও দাবি করেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় ইসলামী আদর্শ অনুসরণের কথা উল্লেখ করে একপর্যায়ে তিনি বলেন, আমি মরলে শহীদ হব। এরপর অভিযুক্ত একের পর এক অসংলগ্ন ও বিভ্রান্তিকর বক্তব্য দিতে থাকেন বলে আদালত সূত্র জানিয়েছে।

এ ঘটনায় এজলাসে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় বিচারকের নির্দেশে অভিযুক্তকে আদালতের হাজতখানায় পাঠানো হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি চালিয়ে একটি খাতা ও একাধিক কাগজ পাওয়া যায়। এসব কাগজে ধর্মীয় ও রাজনৈতিক বক্তব্য সংবলিত উসকানিমূলক ও অস্পষ্ট লেখা পাওয়া গেছে।

পুলিশ এসব আলামত জব্দ করেছে। এজলাস কক্ষের ভেতর থেকে নিক্ষিপ্ত পাথরটিও এ সময় উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মাসুদ রানা ঘটনার বিবরণসহ মেহেরপুর সদর থানায় একটি এজাহার করেছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আদালতের এজলাসে পাথর নিক্ষেপের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযুক্তের বক্তব্যের পাশাপাশি তার মানসিক অবস্থাও যাচাই করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪