স্টাফ রিপোর্টার: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও ব্যক্তিগত অনিশ্চয়তার অধ্যায় পেরিয়ে অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন বিএনপি নেতা ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান।
নতুন সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা, মানবাধিকার ইস্যুতে আস্থা ফিরিয়ে আনা এবং নিরাপত্তা খাতে কাঠামোগত সংস্কারকে অগ্রাধিকার দিতে চায়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুম, আইনি লড়াই ও প্রত্যাবর্তন
২০১৫ সালে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকালে ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কিছু ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়—এমন অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে দীর্ঘ সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দু’মাসেরও বেশি সময় পর পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি ভারতের শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি গণমাধ্যমকে জানান, চোখ ও হাত বাঁধা অবস্থায় তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং পরে শিলংয়ের একটি স্থানে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, আমার মতো আরও অনেক রাজনৈতিক নেতা ও সাংবাদিক গুমের শিকার হয়েছেন। অনেকে ফিরে আসেননি। আমি সৌভাগ্যবান যে বেঁচে আছি।
নির্বাচনে জয়
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন। সরকারি ফলাফলে দেখা যায়, তিনি ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামি-সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দীর্ঘ সংগ্রাম ও প্রত্যাবর্তনের পর নতুন অধ্যায়ে প্রবেশ করলেন সালাহউদ্দিন আহমদ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অতীত প্রেক্ষাপট দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান নির্ধারণে প্রভাব ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি