| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ বছর পর জয়পুরহাটে প্রতিমন্ত্রী হলেন আব্দুল বারী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০২:৪৬:৪৬:পূর্বাহ্ন  |  ৬৮০৬৩৩ বার পঠিত
২০ বছর পর জয়পুরহাটে প্রতিমন্ত্রী হলেন আব্দুল বারী

স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গের জয়পুরহাট জেলায় দীর্ঘ ২০ বছর পর আবার মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেলেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী। তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর উপস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

মন্ত্রিপরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিকেল সোয়া ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল বারী। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, জনপ্রশাসনে তার এই দায়িত্বপ্রাপ্তি জয়পুরহাট জেলার সার্বিক প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি এনে দেবে।

এর আগে জয়পুরহাট জেলায় মন্ত্রী ছিলেন জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আলীম। প্রায় দুই দশক পর জয়পুরহাট জেলা থেকে আবারো মন্ত্রিসভার সদস্য হিসেবে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশংসা পাওয়া যাচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন আব্দুল বারী। তিনি ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পান, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের এস এম রাশেদুল আলম ৯২ হাজার ৫১৭ ভোট পান।

শপথ গ্রহণের পর প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দল ও প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে কাজ করব। জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের প্রশাসনিক ব্যবস্থার মূল ভিত্তি। এখানে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, জয়পুরহাট-২ আসনের জনগণ আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তা দায়িত্ব ও কর্মের মাধ্যমে পূরণ করতে চাই। প্রশাসনিক সেবা যেন গ্রামপর্যায়ে সহজ ও দ্রুত পৌঁছে যায়, সে লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন প্রতিমন্ত্রী হিসেবে আব্দুল বারীর দায়িত্বগ্রহণ জেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় প্রশাসনিক সংস্কার ও জনসেবামূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪