স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক **নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় ড. ইউনূস বলেন, মাত্র এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করা একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা এবং তার মধ্যে ৬টিতে বিজয় অর্জন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আরও কয়েকটি আসনে সম্মানজনক ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাও নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির আত্মবিশ্বাস ও সম্ভাবনার প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, চব্বিশের সেই উত্তাল সময়ের নেতৃত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ দেশের মানুষের মনে গভীর ছাপ রেখে গেছে। আন্দোলন-পরবর্তী সময়ে নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই নির্বাচনী ফলাফল তারই বহিঃপ্রকাশ।
প্রধান উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামের কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা ও প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ তাকে মুগ্ধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক চেতনার শক্ত অবস্থান তুলে ধরবে।
ড. ইউনূস আরও বলেন, সংগ্রাম থেকে মূলধারার রাজনীতিতে উত্তরণ এক বড় দায়িত্বের সূচনা। এই যাত্রায় আদর্শ ও মূল্যবোধ অটুট রেখে গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার।
বার্তার শেষে তিনি নাহিদ ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
রিপোর্টার্স২৪/ঝুম