স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৬০.৬৯ শতাংশ। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে প্রায় ৪ কোটি তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন। একই ব্যবস্থায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরাও ভোটাধিকার প্রয়োগ করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে ফলাফল গণনা অব্যাহত রয়েছে। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ১৭৮টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এসব আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেড়শটির বেশি আসনে জয়ী হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও অর্ধশতাধিক আসনে বিজয় পেয়েছে।
চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি