স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও র্যাবের পোশাকসহ একটি ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে, উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে কয়েকজন র্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০), মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) এবং মো. রেজাউল করিম (৩৪)।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি ডামি পিস্তল, অ্যান্টেনাযুক্ত ব্যাটারিসহ একটি ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ডকাফ, চারটি র্যাবের জ্যাকেট, দুটি ভুয়া র্যাব পরিচয়পত্র, দুটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুটি গাড়ির নম্বর প্লেট, তিনটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৬৭০ টাকা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এছাড়া মিজানুর রহমানের বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।