ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) প্রকাশিত হালনাগাদ ভ্রমণ নির্দেশনায় এই সতর্কবার্তা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গত ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
এফসিডিও সতর্ক করে জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও চরমপন্থি হামলার ঝুঁকি রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা হতে পারে এবং এসব সহিংসতা নির্বিচারভাবেও ঘটতে পারে।
সতর্কবার্তায় বাংলাদেশে অবস্থানরত বা ভ্রমণরত ব্রিটিশ নাগরিকদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বড় রাজনৈতিক সমাবেশ, মিছিল এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি রয়েছে এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, চলাচলের ক্ষেত্রে সতর্ক পরিকল্পনা গ্রহণ এবং কোনো ধরনের বিঘ্নের আশঙ্কা থাকলে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি