স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে রাজধানীর রাজারবাগ এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশে একটি সরকারি কোয়ার্টারে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতেই এ অভিযান।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, “আমাদের একটি অভিযান চলছে। এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। পরে জানানো হবে।”
উল্লেখ্য, গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পোস্টটি মুছে ফেলা হয়। এ ঘটনায় জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সাইবার হামলা; হ্যাকের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট দিয়ে জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি