সিনিয়র রিপোর্টার: শিক্ষাব্যবস্থাকে আরও মানসম্মত ও শিক্ষার্থীকেন্দ্রিক করতে কোচিং সেন্টার, নোট-গাইড ও প্রাইভেট টিউশন কার্যক্রম ধাপে ধাপে বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি বিধিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়ে শিক্ষা আইন, ২০২৬-এর খসড়া প্রকাশ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ খসড়া অনলাইনে প্রকাশ করে মতামত আহ্বান জানায়। খসড়ায় বলা হয়েছে, প্রথম পর্যায়ে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করা হবে। এরপর আইন কার্যকর হওয়ার তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোচিং সেন্টার স্থাপন, নোট-গাইড প্রকাশ ও প্রাইভেট টিউশন স্থায়ীভাবে বন্ধ করা হবে।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, কোচিং ও নোট-গাইড নির্ভরতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মৌলিক শেখার সক্ষমতা ক্ষতিগ্রস্ত করছে। এতে মুখস্থবিদ্যার প্রবণতা বাড়ছে এবং শ্রেণিকক্ষের গুরুত্ব কমে যাচ্ছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা আরও পিছিয়ে পড়ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষাব্যবস্থা শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য। এজন্য দক্ষ শিক্ষক নিয়োগ, পাঠ্যবইভিত্তিক মূল্যায়ন ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে। এসব বাস্তবায়নে কোচিং, নোট-গাইড ও প্রাইভেট টিউশন বন্ধ করা জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।