স্টাফ রিপোর্টার: পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, পবিত্র শবেবরাত আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ। এ রাতকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
সোমবার পবিত্র শবেবরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত মুসলমানরা শবেবরাত হিসেবে পালন করে থাকেন। বাণীতে বলা হয়, পবিত্র শবেবরাত মানবজীবনে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এ রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করে থাকেন। এ কারণেই এ রাতকে সৌভাগ্যময় রজনী হিসেবে বিশ্বাস করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও তওবার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আত্মসমালোচনা ও গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত অর্জন করতে পারি।
তিনি আরও বলেন, আসুন, পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করি এবং মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। সব ধরনের অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।
বাণীর শেষে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করেন। আমিন।
রিপোর্টার্স২৪/এসসি