স্টাফ রিপোর্টার: দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পেট্রোবাংলার একজন পরিচালক এবং ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন পেট্রোবাংলার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম; এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক আ. সামাদ মৃধা; ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মাহবুবুল হক; ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদুল ইসলাম; কোম্পানি সচিব রেজাউল ইসলাম এবং হেড অব রিকভারি আবু মো. আল মামুন।
দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল আদালতে দাখিল করা আবেদনে জানান, পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিক্রি, অবৈধ গ্যাস সংযোগ প্রদান এবং নিয়োগ ও পদোন্নতিতে বাণিজ্যের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
অন্যদিকে ইডিসিএলের এমডি আ. সামাদ মৃধার বিরুদ্ধে সরকারি কেনাকাটায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম তার আবেদনে বলেন, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সামাদ মৃধার বিদেশ গমন রোধ করা জরুরি।
এছাড়া প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান ও এমডিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় দুদকের উপপরিচালক মশিউর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন।
শুনানি শেষে আদালত সবগুলো আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন এবং আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখা (এসবি) বরাবর পাঠানোর নির্দেশ দেন।
রিপোর্টার্স২৪/এসসি